বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভাও আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। নতুন সরকার গঠনের পরপরই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা আসতে শুরু করেছে। এ ধারাবাহিকতায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাও নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণের পর ঢাকায় এক সাক্ষাতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছান ভারতের লোকসভার স্পিকার। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও।
এদিকে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস শুরু হবে সচিবালয়ে। এদিন সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করবেন।
এছাড়া প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন এবং সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সচিবালয়ে মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের বিশেষ সভা, যেখানে সরকারের কার্যক্রমের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক 








