অনলাইন ডেস্ক | ঢাকা
রাজধানীর শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে চলা বিক্ষোভকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শাহবাগ মোড় ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাদি হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে চলা বিক্ষোভ থেকে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগ মোড় অতিক্রম করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।
এরপর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে সরে যান এবং পুলিশ শাহবাগ থানার সামনে অবস্থান নেয়।
এর আগে একই দিন বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। সরকারি ভাষ্যমতে, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যমুনা ও আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে কোনো ধরনের বলপ্রয়োগ করেনি। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং জলকামানের ওপর উঠে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এ সময় কোনো ধরনের গুলি ছোড়া হয়নি।

অনলাইন ডেস্ক 








