জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এখন দেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ—উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে সরকার ইতোমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন জানান, জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত উপস্থাপনা উপদেষ্টা পর্যায়ে করা হয়েছে, যেখানে তিনি নিজেও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “জ্বালানি এখন আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। যদি নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে না পারি, স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যুৎ ও এনার্জি—এই দুই দিক সমন্বয় করে পরিকল্পনা নেওয়া হয়েছে। অফশোর ড্রিলিং, কয়লা ব্যবহারের নীতি এবং মধ্যপাড়ার হার্ড রক কয়লা—সবকিছু মিলিয়ে একটি সমন্বিত রোডম্যাপ তৈরি করা হয়েছে।”
সোমবার (১২ জানুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনে উপদেষ্টা পর্যায়ের তুলনায় আমলাতন্ত্র শক্তিশালী—এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অনেকে দেখেন না, আবার অনেকেই সাহস করে বলতে পারেন না। এসব বিষয় নতুন নয়, সবসময়ই বিভিন্ন সময় ভিন্ন মাত্রায় আলোচনায় আসে।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, “সবকিছু পুরোপুরি অর্জিত হয়েছে—এ কথা বলা যাবে না। অনেক ক্ষেত্রে আমরা চেয়েছিলাম, কিন্তু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। নীতিমালা, দক্ষ জনবল, সমন্বয় ও নিষ্ঠা ছাড়া উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। শুধু পরিকল্পনা করলেই ফল পাওয়া যায় না—কার্যকর বাস্তবায়নের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি জরুরি।”

মোঃ কাজল মিয়া 









