কক্সবাজারে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় ইউএনএইচসিআরসহ জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে সুইডেন।
ঢাকা:
কক্সবাজারের রোহিঙ্গাদের পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে সহায়তা করতে এসএএফই প্লাস টু কর্মসূচিতে ২.৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে সুইডেন সরকার। সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
ইউএনএইচসিআর জানায়, এই কর্মসূচির আওতায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে জীবনরক্ষাকারী উদ্যোগ, পরিবেশ সুরক্ষা এবং এলপিজি ব্যবহারের প্রসার ঘটাতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বনাঞ্চল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগোষ্ঠীর সবুজ দক্ষতা উন্নয়নও এর লক্ষ্য।
কর্মসূচিটি বাস্তবায়ন করছে ইউএনএইচসিআর, এফএও, আইওএম এবং ডব্লিউএফপি। এতে বাংলাদেশ সরকার ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।
বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, ক্রমহ্রাসমান সহায়তার সময় সুইডেনের এই অনুদান খুবই তাৎপর্যপূর্ণ। রোহিঙ্গা সংকটের আট বছর পরও ১.১৭ মিলিয়ন রোহিঙ্গা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। এলপিজি ব্যবহারের ফলে নারী ও শিশুরা আর জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকিপূর্ণ পথে যেতে বাধ্য হচ্ছে না, বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যেতে সক্ষম না হওয়া পর্যন্ত এই সহায়তা তাদের পাশে থাকার মাধ্যম হিসেবে কাজ করবে।
এদিকে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স জানান, কমতে থাকা বৈশ্বিক মানবিক তহবিলের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসতে হবে। এই অনুদান রোহিঙ্গাদের পরিচ্ছন্ন জ্বালানিতে রান্না চালিয়ে যেতে সাহায্য করবে, যা স্বাস্থ্য ও বন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, শরণার্থীদের পাশে দাঁড়াতে এবং বাংলাদেশের জনগণের সহমর্মিতার সঙ্গে থাকতে পেরে সুইডেন গর্বিত।
ইউএনএইচসিআরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সুইডেন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বলেছে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে আন্তর্জাতিক সমর্থন অত্যন্ত প্রয়োজনীয়।

মোঃ কাজল মিয়া 









